আল্লাহর মুখপাত্র সাজা সহজ - নিজের ভুল, অহংকারকে আল্লাহর গজব বলে চালিয়ে দেওয়া বড় ভণ্ডামি
ব্যক্তি নিজের পক্ষ থেকে কথা বলেলে তাঁর ভুলগুলো নিয়ে আলোচনা করা যায়, ভিন্নমত পোষণ করা যায়, তাঁর রাগ নিয়ে প্রশ্ন করা যায়। যেই মুহূর্তে তিনি দাবি করেন যে তিনি আল্লাহর কথা বলছেন, তখনই তিনি সাধারণ মানুষের পর্যায় থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহর মুখপাত্র হয়ে যান। তার ভুল হয়ে যায় হিকমত, তার স্বার্থ হয়ে যায় দ্বীনের স্বার্থ, আর তার ব্যক্তিগত রাগ হয়ে যায় আল্লাহর গজব। এই শুধু একজন বক্তার সমস্যা না, এটা একটা পুরো সিস্টেম।
PRACTICAL LIFE EDUCATION


ব্যক্তি নিজের পক্ষ থেকে কথা বলেলে তাঁর ভুলগুলো নিয়ে আলোচনা করা যায়, ভিন্নমত পোষণ করা যায়, তাঁর রাগ নিয়ে প্রশ্ন করা যায়। যেই মুহূর্তে তিনি দাবি করেন যে তিনি আল্লাহর কথা বলছেন, তখনই তিনি সাধারণ মানুষের পর্যায় থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহর মুখপাত্র হয়ে যান। তার ভুল হয়ে যায় হিকমত, তার স্বার্থ হয়ে যায় দ্বীনের স্বার্থ, আর তার ব্যক্তিগত রাগ হয়ে যায় আল্লাহর গজব। এই শুধু একজন বক্তার সমস্যা না, এটা একটা পুরো সিস্টেম। কৌশলটি তিনটা ধাপে কাজ করে:-
ভুল করলে: সেটা আর ব্যাক্তির ভুল থাকে না। হয়ে যায় হিকমত, পরীক্ষা, বা আমাদের বোঝার সীমাবদ্ধতা।
রাগ করলে: সেটা আর ব্যক্তিগত রাগ থাকে না। হয়ে যায় গজব, শাসন, বা সতর্কবার্তা।
প্রশ্ন করলে: সেটা আর যুক্তির প্রশ্ন থাকে না। হয়ে যায় আল্লাহর সাথে বেয়াদবি, ঈমানের দুর্বলতা।
এখানে আসল সুবিধাটা হলো, অদৃশ্য শক্তিকে কাঠগড়ায় তোলা যায় না। মানুষকে বলা যায়, প্রমাণ দেখাও, যুক্তি দাও, ভুল স্বীকার করো। কিন্তু যখন কথাটা আল্লাহর নামে বলা হয়, তখন প্রমাণ চাওয়ার জায়গাটাই বন্ধ হয়ে যায়। শ্রোতারা ব্যক্তিকে মূল্যায়ন না করে অদৃশ্য শক্তিকে ভয় পায়।
সমস্যা হলো - ব্যাক্তি ব্যাখ্যাকার থেকে মুখপাত্র হয়ে উঠেন। ব্যাখ্যাকার বলে, আমার বুঝে এটা মনে হয়, ভুল হতেও পারে। বিপরীতে, একজন মুখপাত্র দাবি করেন, "এটি আল্লাহ বলেছেন," সন্দেহের কোনো জায়গা নেই। প্রথমটায় ভুলের জায়গা আছে, দ্বিতীয়টায় নেই। আর ভুলের জায়গা না থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ হয়ে যায়। নিজেকে প্রশ্নের ঊর্ধ্বে তুলে নেওয়াটাই সবচেয়ে বড় ভুল।
শ্রোতা কেন ব্যক্তিকে যাচাই করে না:-
নিশ্চয়তার খোঁজ: মানুষ অনিশ্চয়তা সহ্য করতে পারে না, তাদের মনে থাকে জীবন, মৃত্যু ও পরকাল বিষয়ক নানা প্রশ্ন। কেউ যখন বলে, "আমি বিষয়টি এভাবে বুঝি, তবে আমার ভুলও হতে পারে," তখন তাতে মনের শান্তি আসে না। মানুষ সুনিশ্চিত উত্তরের সন্ধানে থাকে; যখন কেউ জোর দিয়ে বলে, এটি আমার ব্যক্তিগত মতামত নয়; আল্লাহ এটাই বলেছেন, এতে কোনো সন্দেহ নেই, "এটিই পরম সত্য," তখন মনে হয় যাক, একজন তো পাওয়া গেল যে সব জানে। এই নিশ্চয়তার লোভেই মানুষ নিজের বিবেকটা সেই ব্যাক্তির কাছে জমা দিয়ে দেয়।
সমাজের চাপ: একা প্রশ্ন করলে মনে হতে পারে, সবাই মেনে নিচ্ছে, আমি একাই সন্দেহ করছি। তখন চুপ থাকাটাই নিরাপদ মনে হয়।
ভয়ের স্থানান্তর: ভয়টা তখন আর ওই ব্যক্তিকে নিয়ে থাকে না। ভয়টা চলে যায় আখিরাত, গুনাহ, অভিশাপ বা সমাজ থেকে ছিটকে যাওয়ার দিকে। ফলে লোকটা যত সাধারণই হোক, তার কথার ওজন অসাধারণ হয়ে যায়।
পরিচয়: যখন আপনি একজন হুজুরকে ভালোবেসে ফেলেন, তার দলকে নিজের দল মনে করেন, তখন তার ভুল ধরা মানে নিজেরই ভুল ধরা মনে হয়। মনে হয়, আমি এতদিন ভুল লোকের পেছনে ছিলাম। এই লজ্জা থেকে বাঁচতে মানুষ উল্টো তার ভুলকেই ঠিক প্রমাণ করতে উঠেপড়ে লাগে।
ধর্মীয় মুখপাত্রের ভুল স্বীকার না করার কারন:-
মুখপাত্র ভুল স্বীকার করলে তার পুরো সাম্রাজ্য নড়ে যায়। কারণ তার পেছনে মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইউটিউব চ্যানেল, দানের টাকা, ভক্তের ভিড়। একটা ভুল মেনে নেওয়া মানে হলো, কাল আরেকটা নিয়েও প্রশ্ন উঠবে। পরশু আরেকটা নিয়ে। এভাবে একদিন মানুষ জিজ্ঞেস করবে, তুমি আসলে আল্লাহর মুখপাত্র নাকি নিজের দলের মুখপাত্র। এই ভয় থেকে তিনি ভুলকে আর ভুল হিসাবে রাখে না। ভুলকে বানায় হিকমত, পরীক্ষা, গভীর রহস্য। তিনি বলেন, "আপনারা এটি বুঝবেন না—এটি সাধারণ মানুষের বোধগম্য নয়।" আর এভাবে নিজের ভুল আড়াল করতে তিনি আরও বড় বড় মিথ্যার আশ্রয় নেন।
রাগটা কেন গজব হয়ে যায়:-
ধর্মীয় মুখপাত্র আপনার সাথে রাগ করলে আপনি বলতে পারেন, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু, যখন মুখপাত্র বলেন, "এটা আমার রাগ না, এটা আল্লাহর গজব," তখন আলোচনাই শেষ। কারণ আল্লাহর গজবের উপর তো আর প্রশ্ন চলে না। তখন আপনার ব্যক্তিগত বলা হয়ে যায় দ্বীনের অপমান। আপনি হয়ে যান ইসলামের শত্রু। আপনাকে বয়কট করা, গালি দেওয়া, এমনকি ক্ষতি করা, সবই তখন সওয়াবের কাজ মনে হয়। নিজের প্রতিশোধকে পবিত্র বানানোর এর চেয়ে সহজ উপায় আর নেই।
বিচার, বিবেচনা করার উপায়:-
ইসলামের মডেলটা কিন্তু উল্টো ছিল। কোরআন কিন্তু সতর্ক করেছে। সূরা তাওবায় বলা হয়েছে, তোমরা তোমাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিও না। মানে, আলেমের কথা যাচাই না করে আল্লাহর কথা বলে মেনে নিও না। এটা শিরকের কাছাকাছি একটা মানসিকতা। তাই কোনো বক্তা, মওলানা, পীর, নেতা, এমনকি ঘরের কর্তা, যদি বলে, আমার কথাই শেষ কথা, আমাকে প্রশ্ন করা যাবে না, বুঝবেন সে আল্লাহর বড়ত্ব প্রচার করছে না, নিজের বড়ত্ব প্রচার করছে।
একটা সহজ পরীক্ষা আছে - তার কথা শুনে আপনার মনে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, নাকি তার প্রতি ভয় বাড়ে। যদি দেখেন, আপনি আল্লাহকে যতটা না ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি ভয় পাচ্ছেন তাকে, তাহলে বুঝবেন জায়গা বদল হয়ে গেছে। আল্লাহ মাঝখান থেকে সরে গেছেন, মানুষটা সামনে এসে দাঁড়িয়েছে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আলেমরা দ্বীনের জ্ঞানের ধারক। কিন্তু, ধারক না হয়ে মুখপাত্র হলে সমস্যা তৈরি হয়। তখন মুখপাত্রর রাগ, পছন্দ অপছন্দ, এমনকি রাজনৈতিক অবস্থানও পবিত্রতার মোড়কে চলে আসে। শ্রোতার হাতে তখন আর যাচাই করার কোনো ভাষা থাকে না, থাকে শুধু মানা অথবা ভয় পাওয়া। সত্যকে উপলব্ধি করতে, বুঝতে এবং প্রয়োগ করতে অবশ্যই আমাদের নিজস্ব বিচার, বিবেচনা ব্যবহার করতে হবে।
Address
21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada
Contacts
Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431
Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)
